ত্রিপুরা (টিটিএএডিসি)-এ নতুন নেতৃত্বের সূচনা। খুমুলুঙের এডিসি সদর দপ্তরে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) হিসেবে শপথ নিলেন তিপ্রা মথার তরুণ মুখ রুনিয়েল দেববর্মা।সাম্প্রতিক এডিসি নির্বাচনে তিপ্রা মথার এককভাবে ২৪টি আসনে জয়লাভের পর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে।
সব জল্পনার অবসান ঘটিয়ে দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন যুব নেতৃত্বের উপর ভরসা রেখে রুনিয়েল দেববর্মাকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্বে বসান। বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্র থেকে রেকর্ড ব্যবধানে জয় পাওয়া এই নেতা এখন এডিসির সর্বোচ্চ প্রশাসনিক পদে।
একই মঞ্চে এডিসির চেয়ারম্যান হিসেবে শপথ নেন সি কে জমাতিয়া এবং এক্সিকিউটিভ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রঞ্জন রিয়াং। জানা গেছে, বাকি এক্সিকিউটিভ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন শেষ হওয়ার পর।
দায়িত্ব গ্রহণের পর রুনিয়েল দেববর্মা জানান, জনজাতি মানুষের অধিকার সুরক্ষা ও সামগ্রিক উন্নয়নই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, এডিসিকে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যেই কাজ করবেন তিনি ও তাঁর দল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বৃষকেতু দেববর্মা, তিপ্রা মথার একাধিক বিধায়ক, এমডিসি এবং দলের শীর্ষ নেতৃত্ব। নতুন নেতৃত্বের হাত ধরে টিটিএএডিসিতে উন্নয়ন ও সাংগঠনিক গতি আরও বৃদ্ধি পাবে—এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।