কাঠালিয়া ব্লকের মাতারবাড়ি এলাকায় এক হৃদয়বিদারক ঘটনার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, নিজের ছেলের অত্যাচারে ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন এক বৃদ্ধ দম্পতি। বার্ধক্যের শেষ প্রান্তে এসে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তারা।
উল্লেখ্য প্রায় ৮০ বছর বয়সী সুনীল পাল ও তার স্ত্রী হিরন বালা পাল (প্রায় ৭০) দীর্ঘদিন ধরে ছেলের উপর নির্ভরশীল ছিলেন। তিন মেয়েকে আর্থিক কষ্টের মধ্যেও বিয়ে দিয়েছেন তারা। একমাত্র ছেলেকে মানুষ করে বিয়ে করানোর পরেই জীবনে নেমে আসে অন্ধকার।
জানা গেছে, ছেলে মনোরঞ্জন পাল পেশায় অটোচালক। প্রতিদিন কাজ শেষে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে বাবা-মায়ের উপর চড়াও হয়। গালিগালাজ, শারীরিক নির্যাতন—সবই নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছেন মা হিরন বালা পাল।
বৃদ্ধা মায়ের দাবি, মাঝেমধ্যেই তাকে মারধর করে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে দেওয়া হয়। অসহায় অবস্থায় লাঠিতে ভর দিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন তিনি। এমন ঘটনা একদিনের নয়, গত প্রায় তিন বছর ধরে চলেছে এই নির্যাতন।
এই ঘটনায় যাত্রাপুর থানায় একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ হয়নি বলে অভিযোগ পরিবারের। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে এই বৃদ্ধ দম্পতির।
এদিকে, ঘটনার কথা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা দুঃখ প্রকাশ করলেও কার্যকর সমাধানের অভাবেই উদ্বেগ বাড়ছে।