নববর্ষের প্রথম দিনেই বড়সড় সাফল্য পেল অসমের চুরাইবাড়ি পুলিশ।
গুয়াহাটি থেকে আগরতলার পথে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ নেশার সিরাপ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ প্রায় দেড় কোটি টাকার এই নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করে এবং সঙ্গে গ্রেপ্তার করা হয় দুই চালককে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় সাড়ে ছয়টা নাগাদ AS26AC-1102 নম্বরের একটি ছয় চাকার ট্রাক চুরাইবাড়ি নাকা পয়েন্টে পৌঁছায়। ডিউটিতে থাকা পুলিশকর্মীরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান।
ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে চলা এই তল্লাশিতে প্রথমে কিছু সন্দেহজনক না মিললেও পরে তরমুজ বোঝাই ফলের নিচে লুকিয়ে রাখা কার্টুনগুলি নজরে আসে।কার্টুনগুলি খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ এসকাফ সিরাপ।
মোট ৯৫টি কার্টুনে প্রতিটিতে ১৫০টি করে বোতল—সব মিলিয়ে ১৪,২৫০ বোতল নেশার সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, বাজেয়াপ্ত এই সামগ্রীর বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা।
ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির দুই চালক—নজরুল ইসলাম (অসমের বরপেটা জেলার বাসিন্দা) এবং মুসলিম মিয়া (ত্রিপুরার সিপাহীজলা জেলার মেলাঘরের বাসিন্দা)। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।
সিডিএসপি অনির্বাণ শর্মা জানান, রাজ্যে নেশা সামগ্রী পাচার রুখতে পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।নববর্ষের দিনেই এই সাফল্য আবারও প্রমাণ করল, আন্তঃরাজ্য পাচার চক্র ভাঙতে পুলিশ কতটা সক্রিয়।