পহেলা বৈশাখের দিনেই মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিশালগড় থানার ওসি বিজয় দাস। সিপাহীজলা জেলার বিশালগড়ের অফিস টিলা এলাকার দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র সাগর পাল, যে সম্প্রতি নবম শ্রেণী থেকে ভালো ফল করে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, অর্থাভাবে পড়াশোনা বন্ধ হওয়ার মুখে পড়েছিল।
সাগরের বাবা সুমন পাল পেশায় একজন সেলুন কর্মী। দৈনিক আয়ের উপর নির্ভরশীল এই পরিবারের পক্ষে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে ছেলের পড়াশোনার খরচ বহন করা কার্যত অসম্ভব হয়ে উঠেছিল।
ফলে মেধাবী এই ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে।এই খবর পেয়ে এক মুহূর্ত দেরি না করে এগিয়ে আসেন বিশালগড় থানার ওসি বিজয় দাস। বুধবার দুপুরে থানায় ডেকে সাগর পালের হাতে তুলে দেন দশম শ্রেণীর সমস্ত প্রয়োজনীয় পাঠ্যবই, নোটবই, খাতা ও কলম।
এ সময় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওসি বিজয় দাস জানান, “অর্থের অভাবে কোনোভাবেই যাতে সাগরের পড়াশোনা বন্ধ না হয়, সেই দায়িত্ব আমি নিয়েছি।
যতদিন না সে নিজের পায়ে দাঁড়াচ্ছে, ততদিন তার পাশে থাকব।” তিনি সাগরের বাবাকেও আশ্বস্ত করেন যে, ডিগ্রি অর্জন করা পর্যন্ত তিনি এই মেধাবী ছাত্রকে সহায়তা করে যাবেন।ওসি বিজয় দাসের এই উদ্যোগে কৃতজ্ঞ সাগর ও তার পরিবার।
পাশাপাশি, এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সিপাহীজলা জেলার পুলিশ প্রশাসনসহ শিক্ষানুরাগী মহল।এই ঘটনাই আবার প্রমাণ করে—শিক্ষাই জীবনের সবচেয়ে বড় শক্তি, আর সমাজের সামান্য সহায়তাই বদলে দিতে পারে একজন মেধাবী ছাত্রের ভবিষ্যৎ।