ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স অর্থাৎ (টিপস) কলেজে হঠাৎ সেমিস্টার ফি বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হয়েছে ছাত্র অসন্তোষ। এই ইস্যুতে বৃহস্পতিবার সরব হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
সংগঠনের ত্রিপুরা প্রদেশের এক প্রতিনিধি দল কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে স্মারকলিপি জমা দেয়।
এবিভিপির অভিযোগ, ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়ার সময় যে ফি কাঠামো নির্ধারণ করে জানানো হয়েছিল, পরবর্তীতে সেই নির্ধারিত ফি পরিবর্তন করে অতিরিক্ত সেমিস্টার ফি চাপিয়ে দেওয়া হয়েছে।
সংগঠনের দাবি, শিক্ষাবর্ষ চলাকালীন এই ধরনের সিদ্ধান্ত ছাত্র-ছাত্রীদের উপর অযৌক্তিক আর্থিক বোঝা তৈরি করছে এবং অনেক পরিবার চরম সমস্যার মধ্যে পড়েছে।সংগঠনের প্রতিনিধিরা জানান, বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করা হলেও ফি বৃদ্ধির পিছনে স্পষ্ট ও গ্রহণযোগ্য কোনও ব্যাখ্যা মেলেনি।
এরপরই তারা ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের হস্তক্ষেপ দাবি করে পুরো বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন।এবিভিপির পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, দ্রুত বর্ধিত ফি প্রত্যাহার না করা হলে ছাত্রস্বার্থে বৃহত্তর গণআন্দোলনে নামতে বাধ্য হবে সংগঠন।