সরকারি নথিতে প্রকল্প সম্পন্ন, কিন্তু বাস্তবে এখনও ঘরে পৌঁছায়নি এক ফোঁটা পানীয় জল—এমনই অভিযোগ উঠছে মুঙ্গিয়াকামী ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজে। প্রায় চার বছর আগে শুরু হওয়া ‘অটল জল জীবন মিশন’ বা ‘হর ঘর জল’ প্রকল্প আজও কার্যকর না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের দাবি, কেন্দ্রীয় সরকারের এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের আওতায় এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে জল সরবরাহের পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল। বসানো হয় পাইপলাইন, নির্মাণ করা হয় জল সরবরাহ কেন্দ্রও। কিন্তু সময় পেরোলেও সেই পাইপলাইনে এখনও জল পৌঁছায়নি।গ্রামবাসীদের অভিযোগ, শুরুতে দ্রুতগতিতে কাজ এগোলেও পরে তা হঠাৎ করেই থমকে যায়। ফলে এখনো পানীয় জলের জন্য নির্ভর করতে হচ্ছে কুয়া, পাহাড়ি ঝরনা বা দূরের উৎসের উপর। এতে দৈনন্দিন জীবনে যেমন দুর্ভোগ বাড়ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তারা।সম্প্রতি এলাকা পরিদর্শনে যান আইপিএফটি নেতা ও মুঙ্গিয়াকামী ব্লকের বি.এ.সি চেয়ারম্যান সুনীল দেববর্মা। পরিদর্শনের পর তিনি বলেন, “জনকল্যাণমূলক এত বড় একটি প্রকল্প বছরের পর বছর অকার্যকর পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। কোটি টাকা ব্যয়ের পরও সাধারণ মানুষ তার সুবিধা না পেলে তা স্পষ্ট প্রশাসনিক ব্যর্থতা।”তিনি আরও অভিযোগ করেন, জল প্রকল্প ছাড়াও এলাকার একাধিক মৌলিক সমস্যা দীর্ঘদিন ধরে উপেক্ষিত। ভগ্নপ্রায় রাস্তা, অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা এবং স্বাস্থ্য ব্যবস্থার ঘাটতিতে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন স্থানীয়রা।সুনীল দেববর্মা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, “অবিলম্বে জল প্রকল্প চালু করে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিতে হবে। পাশাপাশি অন্যান্য সমস্যারও দ্রুত সমাধান প্রয়োজন।”এদিকে, এলাকাবাসীরও একটাই দাবি—দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকল্পকে বাস্তব রূপ দেওয়া হোক। যদিও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।সব মিলিয়ে, ‘হর ঘর জল’ প্রকল্পের প্রতিশ্রুতি এখনো অধরাই রয়ে গেছে নোনাছড়া এডিসি ভিলেজে, যা নিয়ে ক্রমশ বাড়ছে ক্ষোভ ও হতাশা।