ভক্তি, আস্থা ও ধর্মীয় উন্মাদনায় রাজ্যজুড়ে উদযাপিত হল হনুমান জয়ন্তী। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত এই বিশেষ দিনে ভগবান হনুমান-এর জন্মতিথি উপলক্ষে মন্দিরে মন্দিরে দেখা গেল ভক্তদের ঢল।হিন্দু ধর্মমতে, ভগবান হনুমানকে শক্তি, সাহস ও ভক্তির প্রতীক হিসেবে মানা হয়। তিনি শিব-এর অবতার এবং অঞ্জনী-পুত্র হিসেবে পরিচিত। একইসঙ্গে রাম-এর প্রতি তাঁর নিঃস্বার্থ সেবা ও ভক্তি ভক্তদের কাছে এক অনন্য উদাহরণ।এই দিন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা, যজ্ঞ ও আরতির আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি হনুমান মন্দির-এও ভোর থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পূজা দেওয়ার জন্য মন্দিরের সামনে দীর্ঘ লাইন পড়ে যায়।ভক্তদের বিশ্বাস, আজকের দিনে ভগবান হনুমানের আরাধনা করলে জীবনের সব বাধা-বিপত্তি দূর হয় এবং অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। অনেকেই উপবাস থেকে হনুমান চালিশা পাঠ করেন এবং বিশেষ প্রার্থনায় অংশ নেন।এদিন ভক্তদের মুখে একটাই প্রার্থনা—ভগবান হনুমানের আশীর্বাদে জীবনে শক্তি, সাহস ও সংকটমোচনের পথ সুগম হোক। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল এই পবিত্র দিন।