বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে নারী শক্তি বন্দনা বিল নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাতের চিত্র সামনে এল। অধিবেশন চলাকালীন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ শাসক দলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর প্রচার চালানোর অভিযোগ তোলেন।
সুদীপ রায় বর্মন দাবি করেন, নারীদের সংরক্ষণ নিয়ে কংগ্রেসের কোনও আপত্তি নেই। বরং প্রয়োজনে ৩৩ শতাংশেরও বেশি সংরক্ষণ দেওয়ার পক্ষে দল সমর্থন জানায়। তাঁর কথায়, নারী ক্ষমতায়নকে কেন্দ্র করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে শাসক দল।
সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন, নারী বিল নিয়ে কংগ্রেসের অবস্থানকে বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে এবং সাধারণ মানুষের সামনে ভুল বার্তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “সত্যকে আড়াল করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে।”এদিন বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তিনি আরও বলেন, মিথ্যার আশ্রয় নিয়েই কংগ্রেসকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে।
এই বিষয়কে ঘিরে বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং শাসক-বিরোধী দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করে। রাজনৈতিক মহলের মতে, নারী শক্তি বন্দনা বিলকে কেন্দ্র করে আগামী দিনেও এই উত্তাপ বজায় থাকতে পারে।