আগামী ৪ মে উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে পি.এম.-শ্রী ধর্মনগর সরকারি বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গণনাপর্ব শুরু হবে।
গণনা প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ১৬৩ নং ধারা অনুযায়ী গণনাকেন্দ্রের ১০০ মিটার এলাকার মধ্যে একাধিক বিধিনিষেধ জারি করেছেন।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট এলাকায় দুই চাকার যানবাহন, রিক্সা-সহ সব ধরনের যান চলাচল নিষিদ্ধ থাকবে। পাশাপাশি লাঠি, স্টিক, লোহার রড, বাঁশ, পাথর বা আঘাতের জন্য ব্যবহারযোগ্য কোনও বস্তু বহন করাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়াও গণনাকেন্দ্রের ১০০ মিটার এলাকার মধ্যে কোনও ধরনের জমায়েত, জনসভা, মিছিল বা র্যালি করা যাবে না। স্বরবর্ধক যন্ত্র ব্যবহার করেও বা ছাড়াও এ ধরনের কার্যকলাপ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।তবে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে।
গণনার কাজে নিযুক্ত কর্মী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF), অনুমোদিত কাউন্টিং এজেন্ট, সংবাদমাধ্যমের প্রতিনিধি, নির্বাচন কমিশনের বৈধ অনুমতিপত্রধারী ব্যক্তি, নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ির চালক ও কর্মী, এবং রুটিন সরকারি কাজে নিয়োজিত কর্মচারীরা এই বিধিনিষেধের বাইরে থাকবেন।
জেলা প্রশাসন জানিয়েছে, এই নির্দেশ ৪ মে সকাল ৬টা থেকে কার্যকর হবে এবং ভোটগণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নির্দেশ অমান্য করলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ২২৩ নং ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপনির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রেখেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।