বিধানসভার এক দিনের বিশেষ অধিবেশনে নারী ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় মঙ্গলবার। প্রস্তাবিত ১৩১তম সংশোধনী বিল, ‘নারী শক্তি বন্ধন অধিনিয়ম’-এর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ বিরোধী দলগুলির ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন।
এদিন মন্ত্রী রতন লাল নাথ বলেন, এই অধিবেশন শুধুমাত্র একটি সাধারণ প্রস্তাব নয়, বরং গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গে জড়িত এক ঐতিহাসিক দায়িত্ব। তাঁর মতে, নারীদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার আরও সুদৃঢ় করতে এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বিলটি পুনর্বিবেচনার প্রসঙ্গ তুলে তিনি জানান, এ বিষয়ে একটি প্রস্তাব আনা হয়েছে যাতে সব রাজনৈতিক দলের কাছে স্পষ্ট বার্তা যায় যে ত্রিপুরা বিধানসভা নারী অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্রশ্ন তোলেন, সংবিধানে সমান অধিকারের কথা বলা হলেও বাস্তবে নারীরা কি সেই অধিকার পাচ্ছেন?বিরোধীদের উদ্দেশে মন্ত্রী আহ্বান জানান, তারা যেন বিলটি মনোযোগ দিয়ে পড়ে এবং সমর্থন করে।
তিনি আরও বলেন, “যে গণতন্ত্র নারীদের সম্মান দেয় না, তা কখনও পূর্ণ হতে পারে না।”এদিনের বক্তব্যে তিনি সিপিআইএম ও কংগ্রেসের সমালোচনা করে বলেন, বিরোধীরা মহিলাদের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই বিভিন্ন রাজ্যে তারা জনসমর্থন হারাচ্ছে। ভবিষ্যতে তাদের রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন , ২০২৩ সালে মহিলা সংরক্ষণ আইন প্রণীত হলেও, তা দ্রুত বাস্তবায়ন করা জরুরি। সেই লক্ষ্যেই ১৩১তম সংশোধনী বিল আনা হয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল এই বিলের বিরোধিতা করেছে বলে তিনি উল্লেখ করেন।অন্যদিকে, তিনি মহিলাদের উদ্দেশে আহ্বান জানান, যারা এই বিলের বিরোধিতা করছে তাদের চিহ্নিত করে জনগণের সামনে তুলে ধরার জন্য।