বিশালগড়ের নেতাজীনগর এলাকায় চাঁদাবাজি ও গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পেপার ব্লক ফ্যাক্টরি স্থাপনকে ঘিরে ৫০ লক্ষ টাকার কমিশন দাবিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।অভিযোগ, বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত রনবীর দেবনাথ ও তার সহযোগীরা প্রাক্তন পৃষ্ঠা প্রমুখ এবং বিজেপি জেলা সদস্য অনুপ কুমার সাহার বাড়িতে দফায় দফায় গুলি চালায়। শুক্রবার বিকেলে অনুপ সাহার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের কাছে ভিডিও কলের মাধ্যমে ৫০ লক্ষ টাকা দাবি করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।পরবর্তীতে ওই দিনই সন্ধ্যার পর প্রথম দফায় গুলি চালানো হয় বলে স্থানীয়দের দাবি। এরপর শনিবার ভোররাতে ফের একই বাড়িতে গিয়ে আরও দুই রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। অভিযোগ উঠছে, অভিযুক্তদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা ও বিস্তারিত তথ্য প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।