এক মাসের সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির আবহে সোনামুড়া মহকুমা জুড়ে পালিত হল পবিত্র ঈদুল ফিতর। শনিবার সকাল থেকেই মহকুমার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় ঈদের নামাজ।
সকাল প্রায় সাতটা থেকেই মুসলিম ধর্মাবলম্বীরা নতুন পোশাক পরে ঈদগাহ মাঠে জমায়েত হতে শুরু করেন। নামাজের আগে অনেকেই পরিবারের সঙ্গে সেমাইসহ বিভিন্ন মিষ্টান্ন গ্রহণ করেন। এরপর ধর্মীয় রীতিনীতি মেনে ঈদের নামাজ আদায় করেন।
মহকুমার মেলাঘর কলমখেত মুড়াপাড়া জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সেখানে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়। ইমাম নুরুল ইসলাম ঈদের দুই রাকাত নামাজ আদায় করান। নামাজ শেষে খুতবা পাঠ ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় ধর্মীয় অনুষ্ঠান।
নামাজ শেষে ঈদগাহ মাঠে একে অপরকে আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তৈরি হয় এক অনন্য মিলনমেলা। সকলের মুখে ফুটে ওঠে আনন্দের ছাপ।
এদিন একান্ত সাক্ষাৎকারে ইমাম নুরুল ইসলাম ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, এই উৎসব শুধু আনন্দের নয়, বরং মানবতা ও সম্প্রীতির প্রতীক। তিনি হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
সব মিলিয়ে, সোনামুড়া মহকুমায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।