পাণ্ডবপুরে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন স্থানীয় মহিলারা ও যুবসমাজ। দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়ে শুক্রবার রাতে মধুপুর থানার অন্তর্গত পাণ্ডবপুর স্কুলটিলা এলাকায় এক অভিযানে হাতেনাতে আটক করা হয় অভিযুক্ত মদ ব্যবসায়ী উত্তম দাসকে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় দশটা নাগাদ এলাকাবাসীরা যৌথভাবে অভিযানে নামে এবং উত্তম দাসের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করে। পরে আমতলী থানার পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
সঙ্গে আটক করা হয় এক মদ্যপ ব্যক্তিকেও, যিনি ওই স্থান থেকে উদ্ধার হন।এলাকার মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মদ্যপান ও মদ বিক্রির কারণে সামাজিক অশান্তি বেড়ে চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এর আগেই এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এলাকায় মদ বিক্রি করলে জরিমানা ও সামাজিক শাস্তির মুখোমুখি হতে হবে।
তবুও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল।অভিযোগ অনুযায়ী, এলাকায় অন্তত ১২ জন মদ বিক্রেতা সক্রিয় রয়েছে এবং তাদের মধ্যে উত্তম দাস অন্যতম মূল চক্রের সদস্য। স্থানীয়দের দাবি, তার পরিবার আগেও এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল।
এই ঘটনার পর এলাকাবাসীরা পুলিশের কাছে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়। একইসঙ্গে তারা মদবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।