পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপির জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। সেই আবহেই ত্রিপুরার মোহনপুরে আয়োজিত হলো এক বিশাল বিজয় মিছিল, যার নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রতন লাল নাথ।
বুধবার মোহনপুরের ২ নম্বর বিধানসভা এলাকার মহিনীপুর থেকে শুরু হয় এই বাইক মিছিল। বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে মিছিলটি এগিয়ে চলে এবং শেষ হয় ফটিকছড়া বাজার মাঠে।
পুরো পথজুড়ে দেখা যায় উৎসবের আবহ—নাচ, গান এবং আনন্দ উল্লাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রতন লাল নাথ এই জয়কে “মানুষের জয়” এবং “গণতন্ত্রের জয়” বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি এই সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ফল বলেও দাবি করেন।
তিনি বলেন, “এক ভারত, শ্রেষ্ঠ ভারত” গড়ার লক্ষ্যে এই জয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।অনুষ্ঠান শেষে মন্ত্রী সেখান থেকে সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গেছে।এই বিজয় মিছিল ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও রাজনৈতিক উন্মাদনা লক্ষ্য করা যায়।