ভোট গণনার রাত পেরোতেই উত্তপ্ত পরিস্থিতি! জারি থাকা ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা ভেঙে একাধিক অশান্তির অভিযোগ উঠে এলো বিভিন্ন এলাকায়।খোয়াই মহকুমার আমপুরা এলাকায় বিজেপির এক বুথ সভাপতির বাড়িতে দুষ্কৃতীদের হামলার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, গভীর রাতে বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং মারধরের শিকার হন বুথ সভাপতির বাবা। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা রক্তাক্ত বলে জানা গেছে।এদিকে, আশারামবাড়ি বিধানসভার অন্তর্গত কচুবাড়ি এলাকায় অগ্নিসংযোগের ঘটনাও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে খবর, কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।এই ঘটনাগুলিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশ্ন উঠছে, BNSS ২০২৩-এর অধীনে জারি হওয়া ১৬৩ ধারার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।প্রশাসনের তরফে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি, তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।