ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের নতুন নজির গড়ল সিমনা বিধানসভা এলাকার বড়কাঁঠাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং পিএম শ্রী আখালিয়া ছড়া বিদ্যালয়।
দুই বিদ্যালয়েই পাশের হার শতভাগ হওয়ায় খুশির হাওয়া ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে।শুক্রবার কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। পরীক্ষায় প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সংবর্ধনা স্মারক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এসএমসি কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা কৃতী ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, সিমনা এলাকার বিভিন্ন বিদ্যালয় এবারের পর্ষদ পরীক্ষায় শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে, যা অত্যন্ত গর্বের বিষয়।
তিনি পড়ুয়াদের ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের আহ্বান জানান এবং শিক্ষকদের প্রচেষ্টারও প্রশংসা করেন।এই সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই কৃতিত্ব সম্ভব হয়েছে।