পহেলা বৈশাখের আগের রাতে দক্ষিণ চড়িলাম এলাকায় চাঞ্চল্যকর গবাদিপশু চুরির ঘটনা সামনে এসেছে। রেল ব্রিজ সংলগ্ন এলাকায় বসবাসকারী গোপালক প্রিয় লাল দেবনাথ, যিনি মনু দেবনাথ নামেও পরিচিত, তাঁর দুটি উচ্চমানের দুগ্ধবতী গাভী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি গাড়ি নিয়ে এসে চোরের দল প্রথমে একটি গাভী তুলে নিয়ে যায়। দ্বিতীয় গাভীটিকেও গাড়িতে তোলার চেষ্টা চলাকালীন এলাকাবাসীর সন্দেহ হওয়ায় পরিস্থিতি পাল্টে যায়।
তড়িঘড়ি পালানোর সময় একটি গাভীর হাত-পা বেঁধে রাস্তায় ফেলে রেখে যায় তারা।ক্ষতিগ্রস্ত মনু দেবনাথ জানান, তাঁর গাভীগুলো অত্যন্ত উন্নত জাতের ছিল এবং প্রতিদিন সকাল ও বিকালে উল্লেখযোগ্য পরিমাণ দুধ দিত—যা তাঁর পরিবারের প্রধান আয়ের উৎস।
এই ঘটনায় তাঁর প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি।ঘটনার পর তিনি বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে গেলেও, পুলিশের পক্ষ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি বলে অভিযোগ তুলেছেন তিনি।
এলাকাবাসীর মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত চোরদের গ্রেপ্তার করে চুরি যাওয়া গবাদিপশু উদ্ধার করতে হবে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।