বাঙালির আবেগ ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা পহেলা বৈশাখকে ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। নতুন বছরকে স্বাগত জানাতে ঘরে ঘরে বিশেষ আয়োজনের পাশাপাশি বাজারগুলোতেও দেখা যাচ্ছে ব্যাপক ব্যস্ততা।রাজধানী আগরতলার বিভিন্ন বাজারে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নববর্ষ উপলক্ষে মাছ, মাংস, দই ও মিষ্টির চাহিদা বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে ইলিশ মাছ কেনার প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।ব্যবসায়ীদের দাবি, শুধু আগরতলাই নয়, রাজ্যের প্রায় সব বাজারেই উৎসব উপলক্ষে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাজারে দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশ বেশি বিক্রি হচ্ছে, যার দাম প্রতি কেজি প্রায় ১৫০০ টাকার কাছাকাছি।এদিকে ক্রেতাদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বাজারে পর্যাপ্ত পরিমাণে মাছ, মাংস ও মিষ্টির জোগান রাখা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলে কোথাও বড় ধরনের সংকটের খবর মেলেনি।সব মিলিয়ে নববর্ষের আনন্দে সরগরম আগরতলার বাজার—উৎসবের রঙে রাঙা নতুন বছরের সূচনা।