কৈলাসহরের গৌরনগর ব্লকের জলাই গ্রাম পঞ্চায়েতের রাঁচি টিলা এলাকায় মাংস বিক্রি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।স্থানীয় সূত্রে খবর, খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রির অভিযোগ ওঠে এলাকার দুই যুবক—মনসা মুন্ডা ও সুজিত ভূমিজের বিরুদ্ধে।
জানা গেছে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাংস বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। সম্প্রতি ক্রেতাদের মধ্যে সন্দেহ তৈরি হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।মঙ্গলবার দুপুরে অভিযুক্তদের বাড়িতে মাংস কাটার সময় কিছু স্থানীয় বাসিন্দা তাদের হাতেনাতে ধরে ফেলেন বলে অভিযোগ।
এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তেজিত জনতা দুই যুবকের উপর চড়াও হয়। মারধরের পাশাপাশি তাদের কান ধরে ওঠবস করানো হয় এবং মাথার চুল কেটে দেওয়ার ঘটনাও সামনে এসেছে।খবর পেয়ে স্থানীয় সমাজসেবী অপু শীল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা অভিযোগ স্বীকার করেছেন, যদিও এই বিষয়ে স্বাধীনভাবে কোনও সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভিড় জমে যায়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।.
এই ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়া নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি, এই কাজে অন্য কেউ জড়িত ছিল কিনা, কতদিন ধরে এমন ঘটনা চলছিল এবং মাংসের উৎস কী—তা নিয়ে তদন্তের দাবি উঠছে।