শুক্রবার সকাল থেকেই শুরু হয় ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনের ভোট গণনা। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাজ্যের ১৭টি গণনা কেন্দ্রে সকাল ৮টা থেকে একযোগে গণনার কাজ শুরু হয়।
গোটা প্রক্রিয়ায় ছিল কড়া নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ।কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয় গণনা কেন্দ্রেও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয় ভোট গণনা। এই কেন্দ্র থেকে ঘোষণা করা হয় দুটি গুরুত্বপূর্ণ আসনের ফলাফল— ১ নং জম্পুই-দামছড়া এবং ৩ নং দশদা-কাঞ্চনপুর।
ফলাফলে দেখা যায়, দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ৩ নং দশদা-কাঞ্চনপুর আসনে বিজেপি প্রার্থী শৈলেন্দ্র নাথ ১৩,২৭৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তিপ্রা মথা প্রার্থী পান ৮,৩২১ ভোট, এবং সিপিআই(এম) প্রার্থী অর্জন করেন ৫,২৬৮ ভোট।
অন্যদিকে, ১ নং জম্পুই-দামছড়া আসনে তিপ্রা মথা প্রার্থী ভবরঞ্জন রিয়াং ১২,৬৭০ ভোট পেয়ে বিজয়ী হন। এই আসনে বিজেপি প্রার্থী পান ৮,৯৮০ ভোট এবং সিপিআই(এম) প্রার্থী পান ৪,৬৭৮ ভোট।
সব মিলিয়ে কাঞ্চনপুর গণনা কেন্দ্রে ভোট গণনা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের সহযোগিতার কথা উল্লেখ করেছেন রিটার্নিং অফিসার তথা কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ বিশ্বাস।