ত্রিপুরার রাজনীতিতে আসন্ন এডিসি নির্বাচন ঘিরে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই প্রেক্ষাপটে ১৪ বোধজংনগর–ওয়াকিনগর কেন্দ্রের তিপ্রা মথা মনোনীত প্রার্থী রুনিয়েল দেববর্মা প্রচারে নেমে শক্তি প্রদর্শনের দাবি করেছেন।রবিবার এলাকায় ভিসি স্তরের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি জানান, দিন যত এগোচ্ছে, ততই সাধারণ মানুষের সমর্থন বাড়ছে তিপ্রা মথার প্রতি। কর্মী-সমর্থকদের উৎসাহ ও উপস্থিতি দেখে তিনি আশাবাদী, এই কেন্দ্রসহ গোটা এডিসি এলাকায় দল ভালো ফল করবে।প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রুনিয়েল দেববর্মা বলেন, “যারা তিপ্রা মথাকে ছোট দল বলে মনে করে, তারাই ১৭ তারিখ ফলাফলে বড় ধাক্কা খাবে। জনগণ এবার পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক তিপ্রা মথা।”তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দল ভারতীয় জনতা পার্টি অনেক জায়গায় সভা-সমাবেশ করতেও সমস্যার মুখে পড়ছে। অন্যদিকে তিপ্রা মথার কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করেন তিনি।নিজের বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, “এডিসিতে তিপ্রা মথাকে কোনো শক্তিই হারাতে পারবে না। থানসাকেও কেউ হারাতে পারবে না।”এদিকে রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। এখন দেখার বিষয়, ১৭ তারিখের ফলাফল কতটা এই আত্মবিশ্বাসকে বাস্তবে রূপ দেয়।