জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করে ত্রিপুরা তথা দেশের নাম উজ্জ্বল করা ক্যারাটে খেলোয়াড় কৃত্তিকা সরকারকে সংবর্ধনা জানানো হল এমবিবি বিমানবন্দরে। সিধাই মোহনপুরের শ্রী শ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির ট্রাস্টের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিমানবন্দরে উপস্থিত হয়ে ট্রাস্টের সঙ্গে যুক্ত যুব সমাজসেবীরা কৃত্তিকা সরকারকে ফুল ও শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন সমাজসেবী নির্মল সূত্রধর, রাজেশ দত্ত, চিরঞ্জিত সূত্রধর, আকাশ সরকার ও নয়ন সরকার সহ অন্যান্য সদস্যরা।
জানা যায়, কৃত্তিকা সরকার ট্রাস্টের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকারের একমাত্র কন্যা। মোহনপুরের মেয়ে কৃত্তিকা ইতিমধ্যেই ক্যারাটে প্রতিযোগিতায় একাধিক স্বর্ণ ও রৌপ্য পদক জিতে সাফল্যের নজির গড়েছেন। গুজরাট রাজ্যস্তরের প্রতিযোগিতায় পদক জয়ের পাশাপাশি ভারতের প্রতিনিধিত্ব করে নেপালেও স্বর্ণপদক অর্জন করেছেন তিনি।
শুধু ক্যারাটেই নয়, গুজরাটের ভাদোদরায় জেলা স্তরের সাঁতার প্রতিযোগিতাতেও স্বর্ণপদক জয় করেছেন কৃত্তিকা। তিনি আগরতলার খেজুরবাগান কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। বর্তমানে গুজরাটের ভাদোদরায় বসবাস করে সেখানকার কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করছেন।
এদিন সে জানায় ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করে দেশের নাম আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করবে বলেই তাদের আশা।অন্যদিকে, এই সম্মানে অভিভূত কৃত্তিকা সরকার সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতের পথচলায় সকলের আশীর্বাদ কামনা করেন।