আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল বড়মুড়া পাহাড়। অসম-আগরতলা জাতীয় সড়কের বিপজ্জনক পাহাড়ি বাঁকে দূরপাল্লার একটি লরি ও যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৮ জন।
দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও আতঙ্ক।পুলিশ সূত্রে জানা যায়, AS25-FC-0666 নম্বরের একটি লরি এবং TR06-1201 নম্বরের যাত্রীবাহী বাসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। বাসটি তেলিয়ামুড়া থেকে আগরতলার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে বড়মুড়া পাহাড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় বাসটির মাঝের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ও পথচলতি মানুষ দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। পরে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত ৬ জনকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চম্পকনগর আউটপোস্ট ও জিরানিয়া থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত যান দুটি সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, বড়মুড়া পাহাড় এলাকায় দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে যান চলাচল চলছে। পাহাড়ি বাঁক ও সংকীর্ণ রাস্তার কারণে এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও পর্যাপ্ত নজরদারি ও নিয়ন্ত্রণের অভাব রয়েছে। ফলে প্রায়শই দুর্ঘটনার ঘটনা ঘটছে।ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠছে।