পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, সার ও একাধিক প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে ভারতের উপরেও। এই পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সুরক্ষিত রাখতে দেশবাসীর কাছে একাধিক আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তেলঙ্গানার সেকেন্দরাবাদে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি পেট্রল-ডিজ়েলের ব্যবহার কমানো, রান্নায় তেলের ব্যবহার হ্রাস, সোনা না কেনা এবং বিদেশভ্রমণ স্থগিত রাখার আহ্বান জানান এদিন মোদী ।
প্রধানমন্ত্রী এদিন বলেন, ভারত এখনও জ্বালানি ও বহু প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে আমদানির উপর নির্ভরশীল। পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা এবং রাসায়নিক সারের বড় অংশ বিদেশ থেকে আনতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে এবং বৈদেশিক মুদ্রার ভান্ডারে।
করোনা অতিমারির সময়কার অভিজ্ঞতার কথা উল্লেখ করে মোদী আবারও ‘ওয়ার্ক ফ্রম হোম’ এবং অনলাইন বৈঠকের উপর জোর দেন। তাঁর বক্তব্য, প্রয়োজন ছাড়া যাতায়াত কমানো গেলে জ্বালানির খরচও কমবে। তিনি বলেন,
“করোনার সময়ে আমরা বাড়িতে বসে কাজ করেছি, অনলাইন মিটিং করেছি। সেই অভ্যাস আবার ফিরিয়ে আনলে দেশের উপকার হবে।”
দেশবাসীকে গণপরিবহন ব্যবহারেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মেট্রো পরিষেবা যেখানে রয়েছে সেখানে ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো ব্যবহার করা উচিত। পাশাপাশি ‘কারপুল’-এর মাধ্যমেও জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দেন তিনি। পণ্য পরিবহণের ক্ষেত্রেও সড়কপথের বদলে রেলপথ ব্যবহারের উপর জোর দেন মোদী।
রান্নার তেলের ব্যবহার অন্তত ১০ শতাংশ কমানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভোজ্য তেল আমদানিতেও বিপুল বৈদেশিক মুদ্রা খরচ হয়। তেল কম খেলে যেমন দেশের অর্থ সাশ্রয় হবে, তেমনই মানুষের স্বাস্থ্যও ভাল থাকবে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও আগামী এক বছর সোনা না কেনার জন্য দেশবাসীর কাছে আবেদন জানান মোদী। তাঁর কথায়, “দেশের স্বার্থে এক বছরের জন্য সোনার গয়না কেনা বন্ধ রাখার সংকল্প নিতে হবে।”
কৃষিক্ষেত্রেও রাসায়নিক সারের ব্যবহার ২৫ থেকে ৫০ শতাংশ কমিয়ে প্রাকৃতিক কৃষিকাজের দিকে ঝোঁকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে ডিজ়েলচালিত পাম্পের বদলে সৌরবিদ্যুৎচালিত পাম্প ব্যবহারের উপরেও গুরুত্ব দেন তিনি।
বিদেশভ্রমণ নিয়েও সতর্কবার্তা দেন মোদী। বর্তমান পরিস্থিতিতে অন্তত এক বছরের জন্য বিদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা স্থগিত রেখে দেশের মধ্যেই পর্যটনে উৎসাহ দেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, “ভারতের মধ্যেই অসংখ্য সুন্দর জায়গা রয়েছে। বৈদেশিক মুদ্রা বাঁচাতে এখন দেশের মধ্যেই ভ্রমণ করুন।”