মোবাইল পরিষেবার ক্ষেত্রে বর্তমানে প্রতিযোগিতার শীর্ষে রয়েছে বিভিন্ন টেলিকম সংস্থা। এর মধ্যেই শান্তির বাজার এলাকায় জিও পরিষেবা কেন্দ্রের এক কর্মীর বিরুদ্ধে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে।অভিযোগ অনুযায়ী, বিশ্বজিৎ নামে এক কর্মী জিও অফিসে আসা এক গ্রাহকের কাছ থেকে সিম কার্ড পরিবর্তনের জন্য নির্ধারিত মূল্যের তুলনায় বেশি টাকা আদায় করেন। জানা গেছে, সংশ্লিষ্ট গ্রাহকের ব্যবহৃত সিম কার্ডটি লক হয়ে যাওয়ায় তিনি বাধ্য হয়ে শান্তির বাজারের পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন জিও অফিসে যান।সেখানে কর্মীদের পরামর্শে একই নম্বর বজায় রেখে নতুন সিম কার্ড নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। অভিযোগ, এই পরিষেবার জন্য বিশ্বজিৎ গ্রাহকের কাছ থেকে ২৫০ টাকা নেন, যা পরবর্তীতে গ্রাহক জানতে পারেন নির্ধারিত ফি-এর তুলনায় বেশি।ঘটনার প্রতিবাদ জানালে অভিযুক্ত কর্মী পরে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেন বলে জানান গ্রাহক। তবে এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে বিশ্বজিৎ কোনও স্পষ্ট উত্তর দেননি, যা নিয়ে প্রশ্ন উঠেছে তাঁর ভূমিকা নিয়ে।স্থানীয়দের একাংশের দাবি, এ ধরনের অনিয়ম যদি থেকে থাকে, তবে তা দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। যাতে ভবিষ্যতে আর কোনও গ্রাহক এমন পরিস্থিতির শিকার না হন।এ ঘটনায় সংশ্লিষ্ট টেলিকম সংস্থা কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর এলাকাবাসীর।