সিধাই থানার অন্তর্গত উত্তর তালতলা এলাকায় অবস্থিত একটি বেসরকারি রিসোর্টকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রিসোর্টে অসামাজিক কার্যকলাপ চলছিল। এই নিয়ে প্রতিবাদ জানানোয় রিসোর্টে অবস্থানরত কয়েকজন যুবক গ্রামবাসীদের বাড়িতে হামলার চেষ্টা চালায়।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে রিসোর্ট সংলগ্ন এলাকার বাসিন্দা রাকেশ সরকারের বাড়ির সামনে কয়েকজন যুবক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে উপস্থিত হয়ে হুমকি দেয়। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার খবর সঙ্গে সঙ্গে সিধাই থানায় জানানো হলেও তৎক্ষণাৎ পুলিশি পদক্ষেপ দেখা যায়নি।এর প্রতিবাদে মঙ্গলবার ভোরে ক্ষুব্ধ গ্রামবাসীরা রিসোর্টে যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বামুটিয়া ফাঁড়ি ও সিধাই থানার পুলিশ। পুলিশ চারজনকে আটক করে, যাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয়দের দাবি।এলাকাবাসীদের অভিযোগ, রিসোর্টটিতে প্রায়ই গভীর রাতে বহিরাগত নারী ও পুরুষদের আনাগোনা দেখা যায়। মাঝরাতে মহিলাদের নিয়ে আসার ঘটনাও একাধিকবার ঘটেছে বলে দাবি করা হয়েছে। এমনকি এক রাতে এক মহিলার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন বলেও অভিযোগ। তাঁদের আশঙ্কা, পরিকল্পিতভাবে এলাকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা চলছে।গ্রামবাসীরা আরও জানান, এর আগেও একাধিকবার রিসোর্টের বিরুদ্ধে জেলা শাসক, এসডিএম, এসপি এবং এসডিপিও-র কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তবে প্রশাসনের তরফে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এর জেরেই রিসোর্ট কর্তৃপক্ষ আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি তাঁদের।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা স্পষ্টভাবে দাবি জানান, অবিলম্বে এই রিসোর্ট বন্ধ করতে হবে। দুই গ্রামের মাঝখানে লোকালয়ের মধ্যে কীভাবে একটি রিসোর্ট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।