এডিসি নির্বাচনের প্রাক্কালে ১৬ নম্বর মান্দাই কেন্দ্রে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। মুখ্যমন্ত্রীর নির্ধারিত প্রচার সভার আগেই তিপ্রা মথা দলে বড়সড় ভাঙনের ছবি সামনে এসেছে। বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার হাত ধরে গত দুই দিনে মোট ২০৭ জন ভোটার তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বলে জানা গেছে।বুধবার মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রের ভৃগুদাস বাড়িতে আয়োজিত এক যোগদান সভায় মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে ২৭টি পরিবারের ৯১ জন ভোটার বিজেপিতে যোগ দেন। এর পরদিন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর সভার ঠিক আগে, চম্পকনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত আরেকটি যোগদান কর্মসূচিতে ৩৫টি পরিবারের ১১৬ জন ভোটার তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে সামিল হন।নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিজেপির নেতৃত্ব। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মা জানান, এডিসি নির্বাচনের আগে মানুষের সমর্থন ক্রমশ বিজেপির দিকে ঝুঁকছে এবং এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে এ ধরনের দলবদল মান্দাই কেন্দ্রের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।