আবারও প্রাণনাশের হুমকির মুখে পড়লেন মহিলা ঠিকাদার সরস্বতী লোধ। এবার হুমকি এসেছে ভয়েস মেসেজে। বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে— “মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবেন না।” এই হুমকির জেরে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তিনি এবং তাঁর পরিবার।জানা যায়, গতকাল গভীর রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে ওই ভয়েস মেসেজ পাঠানো হয়। এর আগেও বিজয় নদীর তীরে বোল্ডার নির্মাণের কাজে বাধা দেওয়ার প্রতিবাদ করায় সরস্বতীর উপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে, যার ফলে গুরুতর জখম হন তিনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান।এই ঘটনার পর টাকারজলা থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতা ও তাঁর পরিবার। তাঁদের দাবি, অভিযোগ দায়ের হওয়ার পরও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, সরস্বতী লোধের অভিযোগের ভিত্তিতেই বালু মাফিয়া হিসেবে পরিচিত সুকান্ত ঘোষের বিরুদ্ধে বন দপ্তর ব্যবস্থা নিয়েছিল। অভিযোগ, সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাঁর উপর হামলা চালানো হয়। অভিযুক্ত সুকান্ত ঘোষ, ভবতোষ ঘোষের ভাই বলে জানা গেছে। আরও অভিযোগ উঠেছে, পারিবারিক প্রভাব খাটিয়ে পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।সংবাদমাধ্যমের সামনে সরস্বতী লোধ বলেন, *“আমি শুধু ন্যায়বিচার চাই। যারা আমার উপর হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাশাপাশি আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিভিন্ন মহল থেকে দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং নির্যাতিতার জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দাবি উঠছে। এখন দেখার, প্রশাসন কত দ্রুত এবং কতটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে।