আসন্ন ১২ ডিসেম্বর বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে প্রতীক্ষিত প্রমো ফেস্ট, যেখানে মঞ্চে উঠবেন জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। অনুষ্ঠানকে ঘিরে শহরে ইতিমধ্যেই উৎসবের আবহ, আর ঠিক সেই প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করতেই এদিন ময়দান পরিদর্শনে যান প্রশাসনের বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।
পরিদর্শন দলে ছিলেন ট্যুরিজম বিভাগের আধিকারিক, পুলিশ প্রশাসনের কর্তারা এবং জেলা প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা। পরিদর্শন শেষে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, প্রত্যাশিত ভিড় সামলাতে ময়দানে একাধিক প্রবেশপথ ও প্রস্থানপথ তৈরি করা হচ্ছে। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিটি সেক্টরে আলাদা গেট এবং বিশেষ নির্দেশিকা থাকবে।
এসডিপিও আরও জানান, অনুষ্ঠানের দিন গোটা এলাকা জুড়ে থাকবে কঠোর নজরদারি। পুলিশ, ট্রাফিক বিভাগ, সিভিল ডিফেন্স এবং আরও কয়েকটি বাহিনী মোতায়েন থাকবে যাতে কোনও পরিস্থিতিতেই বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
এদিকে মঞ্চ, আলোকসজ্জা, নিরাপত্তা বেষ্টনী থেকে শুরু করে দর্শকাসন—সবকিছুই শেষ পর্যায়ে পৌঁছে গেছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। সব মিলিয়ে, প্রমো ফেস্টে এবারে রেকর্ড ভিড়ের আশা করছে শহর।