আবারও ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আমতলী থানার অন্তর্গত সেকেরকোট নেতাজি সুভাষ কলোনি এলাকায়। অভিনব কৌশলে টমটমে যাত্রী সেজে উঠে চালকের গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।জানা গেছে, শনিবার বিকেলে মধুবন ঝরঝরিয়া এলাকার বাসিন্দা বাপন সরকার নিজের ব্যাটারি চালিত টমটম নিয়ে সেকেরকোট হয়ে কাঞ্চনমালার দিকে যাচ্ছিলেন। সেই সময় সেকেরকোট চা বাগান সংলগ্ন এলাকা থেকে এক অপরিচিত যুবক যাত্রী সেজে তার গাড়িতে ওঠে।কিছুদূর যাওয়ার পর নেতাজি সুভাষ কলোনি এলাকায় গাড়ি থামাতে বলে ওই যুবক। এরপর গাড়ি থেকে নেমে ভাড়া চাইলে শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় স্থানীয় যুবক পিন্টু সরকার ঘটনাস্থলে এসে অপরিচিত যুবকের পক্ষ নিয়ে টমটম চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে বাপন সরকারকে মারধর করা হয়। এরপরই তার গলায় থাকা প্রায় ০.৭৩০ গ্রাম ওজনের সোনার চেইন, যার আনুমানিক মূল্য ৭০ হাজার ৯০০ টাকা, ছিনতাই করে নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।ঘটনার পর রবিবার সকালে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাপন সরকার। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে, ছিনতাই হওয়া সোনার চেইন উদ্ধার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাপন সরকার। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।