সোনামুড়া মহকুমার বাঁশপুকুর গ্রাম পঞ্চায়েতে গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। মরণআলী এলাকার এক বাসিন্দার বাড়িতে হানা দিয়ে আগ্নেয়াস্ত্রের মুখে সর্বস্ব লুট করে পালাল সশস্ত্র দুষ্কৃতীরা। ঘটনায় গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে পাঁচ থেকে ছয় জনের একটি সশস্ত্র ডাকাত দল হঠাৎই বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই তাঁদের উপর আগ্নেয়াস্ত্র তাক করে ভয় দেখানো হয়। এরপর গৃহকর্তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে দুষ্কৃতীরা এবং আলমারির চাবি ছিনিয়ে নেয়।পরিবারের অভিযোগ, আলমারিতে থাকা কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় ডাকাতরা। শুধু তাই নয়, যাতে কেউ দ্রুত পুলিশে খবর দিতে না পারে, সেই কারণে বাড়ির মোবাইল ফোনগুলিও নিয়ে যায় তারা। প্রায় এক ঘণ্টা ধরে এই তাণ্ডব চালানোর পর এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।ঘটনার পর থেকেই বাঁশপুকুর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় দুষ্কৃতীরা এত বড় ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।প্রশ্ন উঠছে—নিজের বাড়িতেও কি আর নিরাপদ নয় সাধারণ মানুষ?