পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পরেও সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতির উন্নতি দৃশ্যমান নয়—এমন পর্যবেক্ষণ উঠে এলো আগরতলার একটি গুরুত্বপূর্ণ সভায়। ‘ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রটেকশন’-এর উদ্যোগে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত আলোচনাসভায় বক্তারা জানান, পাহাড়ে বসবাসকারী সংখ্যালঘু জনগোষ্ঠী এখনও ভূমি জটিলতা, নিরাপত্তা সংকট, এবং মৌলিক সেবায় অপ্রতুলতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি।সভায় সভাপতিত্ব করেন নিরঞ্জন চাকমা। প্রধান অতিথি ছিলেন মানবাধিকার বিশ্লেষক ড. চন্দ্রশেখর কর। আলোচনায় সম্মানীয় অতিথি হিসেবে যোগ দেন ড. শ্যামল চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি নয়ন জ্যোতি ত্রিপুরা, সমাজসেবী ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান বিপাংশু চাকমা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।বক্তারা বলেন, “চুক্তির পর এত বছর অতিবাহিত হলেও বাস্তবায়নের গতি হতাশাজনক। পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার রক্ষায় শুধু দেশে নয়, আন্তর্জাতিক মহলেও আরও মনোযোগ প্রয়োজন।” তারা মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের দাবিও তুলে ধরেন।আলোচনা শেষে আয়োজকরা মানবতার পক্ষে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেন এবং ভবিষ্যতে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির ঘোষণা করেন।