আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়ার ১১ মহারানী কেন্দ্র এখন তীব্র রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। শাসক দল বিজেপি তাদের মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়ার সমর্থনে জোরদার প্রচার চালাচ্ছে গোটা এলাকাজুড়ে।পথসভা, বাজারসভা, ঘরোয়া বৈঠক এবং যোগদান কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্ব। শুধু স্থানীয় স্তরেই নয়, রাজ্যের শীর্ষ নেতৃত্বও এই কেন্দ্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে দলের প্রভাবশালী নেতারা উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন।মঙ্গলবার এই কেন্দ্রের বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ কর্মসূচি গ্রহণ করা হয়। তিপ্রা মথার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নমনজয় বাড়ি ও ছনবাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান প্রার্থী বিল্লু জমাতিয়া ও তাঁর সমর্থকরা। এর পাশাপাশি ২৯ কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ যোগদান সভা।এই সভাতেই ঘটে রাজনৈতিক পালাবদলের ইঙ্গিতবাহী একটি ঘটনা। রাইহামচা গুচ্ছ গ্রাম ও নোনাছড়া এলাকার তিপ্রা মথার বুথ সভাপতি দল লালথামন মলসুমের নেতৃত্বে মোট ৫১ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান দলের নেতারা।দলত্যাগের কারণ হিসেবে লালথামন মলসুম জানান, দীর্ঘদিন দলীয় দায়িত্বে থাকার পরও তিনি প্রাপ্য সম্মান পাননি। সেই অসন্তোষ থেকেই তিনি এবং তাঁর সমর্থকেরা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন।নির্বাচনের প্রাক্কালে এই ধরনের যোগদানকে বিজেপি শিবিরে বাড়তি শক্তি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, বিরোধী শিবিরের ঘাঁটিতে ভাঙন ধরার ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। সব মিলিয়ে তেলিয়ামুড়ার ১১ মহারানী কেন্দ্র এখন নির্বাচনী লড়াইয়ের অন্যতম হটস্পট হিসেবে উঠে এসেছে।