আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় ক্রমশ জোরদার হচ্ছে বিজেপির নির্বাচনী প্রচার। দলের মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়ার সমর্থনে বুধবার ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের দেবথ্রাং টিএসআর ক্যাম্প সংলগ্ন কেরলেং পাড়ায় আয়োজিত হয় জনসংযোগ কর্মসূচি ও উঠোন সভা।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, জনজাতি অধ্যুষিত এলাকায় সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজেপির বিকল্প নেই। তাঁরা সাধারণ মানুষের কাছে আবেদন জানান, আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়াকে বিপুল ভোটে জয়ী করে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে।এদিনের জনসংযোগ ও উঠোন সভায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সংগঠনের ভিত্তি মজবুত করতে তৎপর বিজেপি নেতৃত্ব, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।