আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে রাজনৈতিক প্রচার তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় ১১ মহারানী কেন্দ্রের বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়া বুধবার দক্ষিণ মহারানী এলাকায় জোরদার জনসংযোগ কর্মসূচি চালান।সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতিতে ডোর-টু-ডোর প্রচারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রার্থী নিজে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং নিজের পক্ষে সমর্থন চান। পাশাপাশি উন্নয়নমূলক প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি।প্রচারের ফাঁকেই বিল্লু জমাতিয়া বলেন, “গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে সাংবিধানিক নিয়ম মেনেই নির্বাচন হওয়া উচিত। অশান্তি সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা নেওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।” তাঁর এই বক্তব্যে শান্তিপূর্ণ নির্বাচনের উপর জোর দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।এদিনের প্রচারে যুব সমাজের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বহু নবীন ভোটার বিজেপি প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে তাঁকে জয়ী করার আহ্বান জানান। এক সাক্ষাৎকারে প্রার্থী দাবি করেন, “বিজেপির জয় মানেই যুব সমাজের জয়,” এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।সব মিলিয়ে, তেলিয়ামুড়ার এই প্রচারপর্বে একদিকে যেমন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তেমনই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের বার্তাও গুরুত্ব পাচ্ছে।