পশ্চিম ত্রিপুরা জেলায় পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাস নিয়ে বড় কোনো সংকট তৈরি হয়নি বলে স্পষ্ট জানালেন সদর জেলাশাসক বিশাল কুমার। সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব নিয়ে উদ্বেগ থাকলেও রাজ্যে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করেছে প্রশাসন।জেলাশাসকের কথায়, বিশ্ববাজারে জ্বালানির ওপর চাপ বাড়লেও তার সরাসরি প্রভাব এখনও পশ্চিম ত্রিপুরায় পড়েনি। বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্ন কিছু সমস্যার খবর এলেও সেগুলি দ্রুত সমাধান করা হয়েছে। প্রশাসন নিয়মিতভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে একাধিক দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।তিনি জানান, পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে জ্বালানি সংগ্রহ করতে পারছেন। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে মজুতদারি করে বা অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।এলপিজি গ্যাসের ক্ষেত্রেও একই বার্তা দেন জেলাশাসক। কিছু এলাকায় বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগের তদন্তে ইতিমধ্যেই একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।প্রশাসনের তরফে জানানো হয়েছে, জ্বালানি সরবরাহ নিয়ে উচ্চপর্যায়ে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিবেশী দেশের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।সবশেষে জেলাশাসক সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহার করার আহ্বান জানান। তিনি আশ্বাস দেন, কোনো সমস্যা তৈরি হলে তা দ্রুত সমাধান করতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।