পুলিশের কড়া নজরদারি ও লাগাতার ধরপাকড়ের জেরে গাঁজা পাচারকারীরা এখন নতুন কৌশল অবলম্বন করছে। বড় চালানের পরিবর্তে ছোট ছোট পরিমাণে, যাত্রী সেজে সড়ক ও রেলপথে পাচারের প্রবণতা বাড়ছে। তবুও পুলিশের তৎপরতায় একের পর এক পাচারকারী ধরা পড়ছে।রবিবার রাতে চুরাইবাড়ি থানার নাকা চেকিং পয়েন্টে এমনই এক ঘটনায় পুলিশের জালে ধরা পড়ে এক পাচারকারী। রাত প্রায় সাড়ে আটটা নাগাদ আগরতলা থেকে গোহাটি গামী AS01-JC-1499 নম্বরের একটি যাত্রীবাহী বাসে রুটিন তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় সন্দেহভাজন এক যাত্রীকে আটক করে তার সঙ্গে থাকা দুটি ব্যাগ পরীক্ষা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যাগ থেকে মোট চারটি প্যাকেটে প্রায় ২ কেজি ১৮০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই আটক করা হয় আগরতলার গান্ধীগ্রাম রাজনগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নদীয়া চৌধুরী (৬১)-কে। তিনি অসম পুলিশ ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত কর্মী বলে জানা গেছে।চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস জানান, ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সোমবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হবে।পুলিশ আরও জানায়, এই ঘটনার পেছনে কোনও বড় পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে এবং ভবিষ্যতে আরও গ্রেফতারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।এই ঘটনায় আবারও প্রমাণিত, পাচারকারীরা কৌশল বদলালেও পুলিশের কড়া নজরদারি এড়িয়ে যাওয়া তাদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে।