বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। এই ঘটনার প্রেক্ষিতে এবার মুখ খুলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, ওই অনুষ্ঠানের সঙ্গে ফেডারেশনের কোনও রকম সংযোগ ছিল না।
শনিবার যুবভারতীতে উপস্থিত থাকার কথা ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির। আয়োজকদের দাবি অনুযায়ী, কয়েক ঘণ্টা মাঠে থাকার কথা থাকলেও বাস্তবে মাত্র ৩০ মিনিটের মধ্যেই যুবভারতী ছাড়েন মেসি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। হঠাৎ এই প্রস্থানের পরই ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।
এই ঘটনার পর রবিবার এক বিবৃতিতে AIFF জানায়, “বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। হাজার হাজার ফুটবলপ্রেমী বিশ্ব ফুটবলের তারকাদের এক ঝলক দেখতে এসেছিলেন।”
তবে দায় স্পষ্টভাবে অস্বীকার করে ফেডারেশন আরও জানায়, “এটি সম্পূর্ণ একটি ব্যক্তিগত অনুষ্ঠান ছিল, যা একটি জনসংযোগ সংস্থা আয়োজন করেছিল। AIFF এই অনুষ্ঠানের পরিকল্পনা, আয়োজন বা বাস্তবায়নের সঙ্গে কোনওভাবেই যুক্ত ছিল না। এমনকি অনুষ্ঠানের কোনও বিস্তারিত তথ্য ফেডারেশনের কাছে জানানো হয়নি এবং আমাদের কাছ থেকে কোনও অনুমতিও নেওয়া হয়নি।”
বিবৃতির শেষে এআইএফএফ সকলের উদ্দেশে আবেদন জানিয়ে বলে, “আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সব অংশগ্রহণকারীর নিরাপত্তা ও সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।”
যুবভারতীর ঘটনায় প্রশাসনিক গাফিলতি ও আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও, এই বিবৃতির মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।