রাজ্যের পাবলিক সেক্টর আন্ডারটেকিং (পিএসইউ)গুলিকে আর্থিকভাবে আত্মনির্ভর করে তুলতে হলে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে আধুনিক ও বাস্তবসম্মত চিন্তাভাবনার প্রয়োজন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।
সময় ও বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্য উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।সচিবালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন (TFDPC)-এর পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার প্রতিটি পিএসইউ-কে স্বাবলম্বী করে তুলতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাজ্যে সহজলভ্য কাঁচামালকে কাজে লাগিয়ে বহুমুখী ও গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের উপর আরও জোর দেওয়ার প্রয়োজন রয়েছে।তিনি আরও বলেন, পিএসইউগুলি লাভজনক সংস্থায় পরিণত হলে একদিকে যেমন রাজ্যের অর্থনীতি মজবুত হবে, তেমনি অন্যদিকে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
উন্নত মানের পণ্য উৎপাদন করা গেলে রাজ্যের বাইরেও এসব পণ্যের বাজার গড়ে তোলা সম্ভব।বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যে একটি টায়ার উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
তিনি জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই রাবার চাষ, রাবার উৎপাদন এবং রাবারভিত্তিক শিল্প স্থাপনের বিষয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।পর্যালোচনা সভায় বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা টিএফডিপিসি’র কর্মীদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে কর্পোরেশনের বিদ্যমান সমস্যাগুলি সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন কর্পোরেশনের চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, মুখ্যসচিব জে কে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী, কৃষি ও অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এ এস কনফাডে সহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।