কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর এলাকায় এক যুবকের বিরুদ্ধে গৃহবধূদের প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে বহিঃরাজ্যে পাচার করার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত যুবকের নাম শফিক মিয়া। তার বাড়ি মধুপুরের ব্রজেন্দ্রনগর এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে অভিযোগ, অভিযুক্ত প্রথমে সহজ-সরল গৃহবধূদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে সেই সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মহিলাদের রাজ্যের বাইরে নিয়ে গিয়ে পাচার করা হয়।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে হিন্দু নাগরিক সমাজ সংগঠন বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।
সংগঠনের স্টেট প্রেসিডেন্ট অরূপ হালদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,
“পরিকল্পিতভাবে মা-বোনদের টার্গেট করা হচ্ছে। প্রেমের অভিনয় করে তাদের বহিঃরাজ্যে বিক্রি করে দেওয়ার মতো জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”