কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরে দক্ষিণ জেলার জেলা শাসকের নিকট প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করল সারা ভারত কৃষক সভার দক্ষিণ জেলা কমিটি। বৃহস্পতিবার দুপুরে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি-র হাতে একটি স্মারকলিপি তুলে দেয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ফলে জেলার বহু কৃষক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি জেলার বিভিন্ন জলসেচ প্রকল্প ও সেচের উৎসগুলোর বেহাল অবস্থার বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
ডেপুটেশন শেষে সারা ভারত কৃষক সভার দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ জানান, জেলা শাসক তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে শুনেছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ, প্রবীণ কৃষক নেতা শ্রীমন্ত দে, কৃষক নেতা মিহির পাটারি, অসিত বৈদ্য, নির্মল ভৌমিক, সিদ্ধার্থ শংকর দত্ত সহ মোট ছয়জন প্রতিনিধি।