রাজ্যের এডিসি (ADC) সাধারণ নির্বাচন আজ সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে। সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটগ্রহণে প্রায় ৮১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য। তাঁর মতে, চূড়ান্ত হিসাবে এই হার আরও ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের এডিসি নির্বাচনে ভোটের হার ছিল প্রায় ৮২ শতাংশ।নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, ভোটকর্মী এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন রাজীব ভট্টাচার্য। পাশাপাশি, গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বিপুল উৎসাহ দেখানো সাধারণ ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।ফলাফল নিয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব। রাজীব ভট্টাচার্য বলেন, জনজাতি উন্নয়নে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতার ওপর ভর করেই “ট্রিপল ইঞ্জিন” সরকারের লক্ষ্য সামনে রেখে এডিসিতেও বিজেপি জয়লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।তবে নির্বাচনকে ঘিরে কিছু অভিযোগও সামনে এসেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিজেপির একাধিক প্রার্থী তাঁদের এলাকায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোলের আবেদন জমা পড়েছে বলে খবর।