ধর্মনগর উপনির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। বুধবার ধর্মনগর সরকারি দ্বাদশমান বালিকা বিদ্যালয় থেকে ভোটকর্মীরা প্রয়োজনীয় ভোট সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ব্যস্ততা লক্ষ্য করা যায়, যেখানে পর্যায়ক্রমে ভোটকর্মীদের হাতে তুলে দেওয়া হয় ইভিএম, ভিভিপ্যাটসহ অন্যান্য সরঞ্জাম।প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৯ এপ্রিল সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। ৫৬ নং ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৬,১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২,৩৮০ জন এবং মহিলা ভোটার ২৩,৭৬৩ জন।এই উপনির্বাচনের জন্য মোট ৫৫টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। তার মধ্যে ১১টি মডেল পোলিং স্টেশন এবং ১১টি সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত ভোটকেন্দ্র রাখা হয়েছে, যা নির্বাচনী প্রক্রিয়ায় বিশেষ আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে।নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।এই বিষয়ে সংবাদমাধ্যমকে রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক দেবযানী চৌধুরী জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং একটি অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।