সামাজিক মাধ্যমে করা একাধিক মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন মাধবী বিশ্বাস। তার বিরুদ্ধে অভিযোগ তুলে বুধবার বিশালগড় মহিলা থানায় ডেপুটেশন জমা দিলেন স্থানীয় একদল মহিলা।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।অভিযোগকারীদের দাবি, গত ২৯ মার্চ একটি লাইভ সম্প্রচারে মাধবী বিশ্বাস বিশালগড়ের মহিলাদের উদ্দেশ্যে অবমাননাকর ও কুরুচিকর মন্তব্য করেন।
সেই লাইভে তফশিলি জাতির মানুষদের উদ্দেশ্যে ‘মুচি’ শব্দ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে, যা ঘিরে ক্ষোভ ছড়ায় এলাকাজুড়ে।এদিন দুপুরে বহু মহিলা একত্রিত হয়ে বিশালগড় মহিলা থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন।
তাঁদের বক্তব্য, এই ধরনের মন্তব্য শুধু মহিলাদেরই নয়, একটি নির্দিষ্ট সম্প্রদায়কেও অপমান করেছে। এক প্রতিবাদী মহিলা বলেন, “আমরা এই ঘটনার সঠিক বিচার চাই। একজন মহিলা হয়ে অন্যদের প্রতি এ ধরনের ভাষা ব্যবহার করা অগ্রহণযোগ্য।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাধবী বিশ্বাস আগরতলার বাসিন্দা। যদিও তার পেশাগত পরিচয় স্পষ্ট নয়, তবে সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং বিতর্কিত মন্তব্যের জন্য তিনি আগেও আলোচনায় এসেছেন বলে দাবি স্থানীয়দের।উল্লেখ্য, সম্প্রতি বিশালগড়ের ‘রনবির কাণ্ড’ নিয়ে সামাজিক মাধ্যমে সরব ছিলেন তিনি।
সেই প্রসঙ্গেই একাধিক মন্তব্য করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। এর জেরেই তার বিরুদ্ধে নতুন করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে, ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাঁদের দাবি, দ্রুত তদন্ত করে দোষী প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন।