আসন্ন স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে খামারবাড়ি জেবি স্কুল মাঠে তিপ্রা মথার উদ্যোগে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়, যা কার্যত শক্তি প্রদর্শনে পরিণত হয়।
সভায় উপস্থিত ছিলেন ২৩ অম্পিনগর কেন্দ্রের তিপ্রা মথার বিধায়ক পাঠান লাল জমাতিয়া, মুঙ্গিয়াকামি ব্লক প্রেসিডেন্ট মহেন্দ্র দেব্বর্মা, কল্যাণপুর ব্লক প্রেসিডেন্ট গৌরব দেব্বর্মা সহ দলের একাধিক শীর্ষ নেতা। সভা থেকে দলীয় নেতৃত্ব আসন্ন নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন।
এদিন ১১ নম্বর মহারানীপুর কেন্দ্রের তিপ্রা মথা প্রার্থী উৎপল দেববর্মা তার বক্তব্যে ল্যান্ড রাইটসসহ জমি-সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারগুলি—সিপিএম, বিজেপি এবং কংগ্রেস—পাহাড়ি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
তিপ্রা মথাই সেই অধিকার বাস্তবে পৌঁছে দিতে সক্ষম হবে বলেও দাবি করেন তিনি।এছাড়াও, স্বশাসিত এলাকার মানুষের অধিকার রক্ষায় তিপ্রা মথার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমেই উন্নয়নের পথে এগোতে চায় দল।
সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের ব্যাপক উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়। ফলে আসন্ন এডিসি নির্বাচনে মহারানীপুর কেন্দ্রে তিপ্রা মথার প্রভাব কতটা পড়বে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।