উদয়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি, সর্বস্বান্ত পরিবারউদয়পুরের খিলপাড়া বৈষ্ণবীচর এলাকায় শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় একটি বসতবাড়ি।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বাসিন্দা আবুল কাসেম (বাবুল)-এর বাড়িতে প্রথমে বিদ্যুৎ সংযোগে ত্রুটি দেখা দেয়।
পরিস্থিতি বোঝার আগেই হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।ঘরের ভেতরে থাকা পরিবার সদস্যরা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাড়ির আসবাবপত্র, পোশাকসহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
বহু কষ্টে গড়ে তোলা সংসার এক নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হয়।স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চারদিকে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া, আতঙ্ক এবং কান্নার রোল।
বাড়ির মালিক আবুল কাসেম জানান, এই অগ্নিকাণ্ডে তার প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ এমন দুর্ঘটনায় তিনি ও তার পরিবার চরম অসহায় অবস্থায় পড়েছেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কাঁকড়াবন থানার পুলিশ।
তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তবে ততক্ষণে আগুনে প্রায় সম্পূর্ণ বাড়িটি ধ্বংস হয়ে যায়।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন এবং প্রশাসনের কাছে দ্রুত আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।একটি স্বাভাবিক সকাল—কয়েক মুহূর্তের মধ্যেই তা পরিণত হলো এক দুঃস্বপ্নে, যা বদলে দিল একটি পরিবারের পুরো জীবন।