ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনকে সামনে রেখে আবারও রাজনৈতিক বার্তা দিলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিপ্রাসা জনগণের স্বার্থে কোনও ধরনের আপস করা হবে না এবং ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন না হলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না।ভিডিও বার্তায় তিনি বলেন, তাঁর একমাত্র জোট তিপ্রাসা জনগণের সঙ্গে। কোনও গ্যারান্টি বা চুক্তি বাস্তবায়নের নির্দিষ্ট রূপরেখা ছাড়া তিনি কোনও দলের সঙ্গে সমঝোতায় যাবেন না। তাঁর এই মন্তব্যকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষ করে নির্বাচন-পূর্ব জোট রাজনীতির প্রেক্ষাপটে।প্রদ্যোত কিশোর দেববর্মণ আরও বলেন, “আমি আমার মানুষের জন্য লড়াই করি। আগামী প্রজন্মের ভবিষ্যতের প্রশ্নে আমি কখনও আপস করব না।” তাঁর এই বক্তব্যে তিপ্রাসা স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বার্তা স্পষ্টভাবে উঠে এসেছে।আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা এডিসি নির্বাচন ঘিরে আত্মবিশ্বাসী সুরও শোনা যায় তাঁর বক্তব্যে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের সমর্থনই তাঁদের জয়ের মূল শক্তি হবে। একই সঙ্গে ঈশ্বরের প্রতি আস্থা রেখেও তিনি বলেন, জনগণের আশীর্বাদ থাকলে জয় নিশ্চিত।এছাড়াও দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। অভ্যন্তরীণ কোন্দল, হিংসা বা বিভাজন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই লড়াই শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার জন্য নয়, বরং আগামী প্রজন্মের অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রদ্যোতের এই বক্তব্য এডিসি নির্বাচনের আগে তিপরা মথার অবস্থানকে আরও স্পষ্ট করেছে। জোটের প্রশ্নে কঠোর অবস্থান এবং তিপ্রাসা স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বার্তা আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।