কৈলাসহরের শহর এলাকায় মালিকহীন বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত দুর্গাপুর ১৪ নম্বর ওয়ার্ডের পঞ্চবটি বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক প্রশান্ত কর চৌধুরী সপরিবারে বাইরে থাকায় বাড়িটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ ছিল। বাড়ির উপরতলা ভাড়া দেওয়া থাকলেও মূল গেটের চাবি ভাড়াটিয়ার কাছেই ছিল। বুধবার সকালে পঞ্চবটি দেবতার মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করতে গিয়ে প্রথমে সন্দেহের উদ্রেক হয়, যখন দেখা যায় ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে।
এরপর স্থানীয় বাসিন্দাদের ডেকে বিষয়টি খতিয়ে দেখা হলে স্পষ্ট হয় যে, বাড়ির ভেতরে তছনছ চালানো হয়েছে। ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই কৈলাসহর থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চোরেরা গভীর রাতে গ্রীল ভেঙে ঘরে প্রবেশ করে এবং একটি ল্যাপটপসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। তবে ঠিক কী কী জিনিস খোয়া গেছে, তা বাড়ির মালিক ফিরে এলে নিশ্চিতভাবে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, শহরের মধ্যেই এমন দুঃসাহসিক চুরি উদ্বেগজনক এবং পুলিশি টহল আরও জোরদার করা প্রয়োজন।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে।