আগরতলা: এসআইআর (Special Intensive Revision) ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেও, একই সঙ্গে তিনি বলেন— এই আইনি পদক্ষেপ আরও আগেই নেওয়া উচিত ছিল।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার জানান, এসআইআর নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া সঠিক সিদ্ধান্ত। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শুরুতেই আইনি চ্যালেঞ্জ করা দরকার ছিল বলেই তাঁর মত।
তিনি অভিযোগ করেন, আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই পরিকল্পিতভাবে এসআইআর কর্মসূচি চালু করা হয়েছে। তাঁর দাবি, এর মাধ্যমে বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মানিক সরকারের কথায়, শাসক দল বিজেপি কার্যত কমিশনকে প্রভাবিত করছে এবং নিজেদের সুবিধামতো ভোটার তালিকা তৈরির চেষ্টা চলছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা ও নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও আইনি লড়াই আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধেও তীব্র সমালোচনা শোনা যায় তাঁর মুখে। মুসলিম সম্প্রদায়কে নিয়ে হিমন্তর মন্তব্যকে ‘সাম্প্রদায়িক ও অবমাননাকর’ বলে কটাক্ষ করেন মানিক সরকার। তাঁর বক্তব্য, একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ ধরনের মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। দায়িত্বশীল পদে থেকে আরও সংযত ও মর্যাদাপূর্ণ আচরণ করা উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।
রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।