ধলাই: তিপ্রাসাদের মধ্যে ঐক্যের ঘাটতির কারণেই সমাজকে বিভক্ত করা সহজ হয়ে পড়েছে বলে মন্তব্য করলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। ধলাই জেলার হামাল সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যোত অভিযোগ তোলেন, সম্প্রদায়ের নামে তিপ্রাসাদের ঐক্যের ভিত্তিকে দুর্বল করার পরিকল্পিত চেষ্টা চলছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের কাছে ধর্ম গৌণ বিষয়। প্রথমত এবং প্রধানত আমাদের পরিচয় জাতি। জাতিগত স্বার্থই আমাদের কাছে মুখ্য।”
তিনি জানান, তাঁর লড়াই তিপ্রাসাদের অধিকার রক্ষার জন্য, কোনও নির্দিষ্ট ধর্ম বা রাজনৈতিক দলের স্বার্থে নয়। কিছু মহল ইচ্ছাকৃতভাবে ধর্মকে সামনে এনে সমাজে বিভাজন সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রদ্যোত আরও বলেন, এই ধরনের চক্রান্তকে রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্মের নামে বিভেদ নয়, বরং তিপ্রাসাদের সম্মিলিত স্বার্থ রক্ষাই হওয়া উচিত প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ঐক্যই শক্তি— সমাজের স্বার্থে সবাইকে একসঙ্গে থেকে সব ধরনের বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে।